জুলাই ১৫, ২০২৬, ০৫:৫৪ পিএম
বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল। তাকে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এখন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালনের পাশাপাশি আইসিসির এই গুরুত্বপূর্ণ কমিটিকেও নেতৃত্ব দেবেন বাংলাদেশের এই কিংবদন্তি ক্রিকেটার। তামিমের অধীনে কাজ করবেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন ক্রিকেট বোর্ড- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের শীর্ষ কর্তারা।
আইসিসি নিজেই তামিমকে এই নতুন দায়িত্বে পদায়নের বিষয়টি নিশ্চিত করেছে।বর্তমান সময়ে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের দাপট অব্যাহত রয়েছে। তবে এসব লিগের ব্যাপক প্রসারের ফলে আন্তর্জাতিক ক্রিকেট ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি নিয়ে আইসিসি উদ্বিগ্ন। একই সঙ্গে ক্রিকেটারদের সুরক্ষার বিষয়টি এখন বড় প্রশ্নের মুখে। এই সকল চ্যালেঞ্জ মোকাবিলা এবং সার্বিক বিষয় নিয়ে কাজ করবে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি। এই কমিটিতে তামিমের নেতৃত্বে বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিত সাইকিয়া, ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ কাজ করবেন।
আইসিসির সভায় সদস্য দেশগুলোর অবস্থান নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি বাংলাদেশকে নিয়ে জানিয়েছে, বিসিবির নবনির্বাচিত সভাপতিকে আইসিসি বোর্ডের ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে দ্রুত নির্বাচিত কমিটি গঠনের তাগিদ দিয়েছে আইসিসি। আপাতত লঙ্কান বোর্ড আইসিসি বোর্ডের সভায় প্রতিনিধিত্ব করতে পারবে না।
সদস্যপদ–সংক্রান্ত মানদণ্ড লঙ্ঘনের কারণে ফ্রান্স ক্রিকেটকে সতর্ক অবস্থায় বা অন নোটিশ রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এছাড়া কানাডার সদস্যপদের স্থগিতাদেশ এখনও বহাল রাখা হয়েছে এবং পুনর্বহালের জন্য নতুন শর্ত বেঁধে দেওয়া হয়েছে। আর্থিক সংকটে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সহায়তা হিসেবে ১২ দশমিক ৮২ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
তামিমের নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির পাশাপাশি ‘গভর্ন্যান্স রিভিউ কমিটি’ নামে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে কোনো চেয়ারম্যান নির্ধারণ করা না হলেও সদস্য হিসেবে আছেন দেবজিত সাইকিয়া, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডা. মোহাম্মদ মুসাজি ও আইসিসির স্বাধীন পরিচালক ডা. রস রিভাজ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন