জুলাই ৩০, ২০২৬, ১১:০০ এএম
২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ ষোলো থেকে হতাশাজনক বিদায়ের পর ভবিষ্যতের পরিকল্পনায় মনোযোগ দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ জানিয়েছেন, সেলেসাও শিবিরে এখন অভিজ্ঞদের সম্মান জানিয়ে নতুন একটি অধ্যায় শুরু করার সময় এসেছে এবং তরুণদের নিয়ে দল পুনর্গঠন করা হবে।নব্বইয়ের দশকের পর এটিই ছিল ব্রাজিলের সবচেয়ে দ্রুততম বিশ্বকাপ বিদায়ের ঘটনা।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, ব্রাজিল ফুটবল কনফেডারেশন ও দেশের প্রতি তার দায়বদ্ধতা অটুট রয়েছে। ইতালির জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা উঠলেও সেই প্রস্তাব তিনি গ্রহণ করেননি। ব্রাজিলে দায়িত্ব নেওয়ার পর দেশটির মানুষের কাছ থেকে পাওয়া আন্তরিকতাই তাকে সিবিএফের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রেখেছে। বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা জানান তিনি।
এদিকে বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। তার অবসরের পর দল পুনর্গঠনের প্রক্রিয়া আরও গতি পেয়েছে। আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, ফুটবলের স্বাভাবিক নিয়মেই এক প্রজন্মের পর আরেক প্রজন্ম আসে এবং নতুন প্রজন্মকে সামনে এনে দল গড়ার কাজ শুরু হয়েছে।
অ্যালিসন বেকার, কাসেমিরো, দানিলো ও অ্যালেক্স সান্দ্রোর মতো ত্রিশোর্ধ্ব খেলোয়াড়দের সম্পূর্ণ বাদ না দিয়ে অভিজ্ঞতার মূল্যায়ন করার কথা ভাবছেন কোচ। সিবিএফ ইতোমধ্যে ২০৩০ ফিফা বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তির মেয়াদ বাড়িয়েছে। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের ফিফা উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের, পাশাপাশি ভারতের কলকাতায় একটি ম্যাচ আয়োজনের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন