জুলাই ৩১, ২০২৬, ০৩:০৩ পিএম
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল জাতীয় ফুটবল দল। আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহ্যবাহী বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে বা সল্টলেক স্টেডিয়ামে মাঠে নামবেন ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহাদের মতো বিশ্বখ্যাত ফুটবল তারকারা। ব্রাজিল ফুটবল কনফেডারেশন বা সিবিএফ তাদের অফিসিয়াল বার্তার মাধ্যমে এই ঐতিহাসিক বিষয়টি নিশ্চিত করেছে।
ভারতের মাটিতে এটি ব্রাজিলের মূল জাতীয় দলের প্রথম ম্যাচ।অস্ট্রেলিয়ায় নির্ধারিত ম্যাচগুলো শেষ করার পর ব্রাজিলের পরবর্তী গন্তব্য হবে ভারত। তবে কলকাতার মাটিতে সেলেসাওরা কার মুখোমুখি হবে, সে বিষয়ে সিবিএফের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া সফর শেষ করেই দলটি সরাসরি ভারতে এসে পৌঁছাবে।
ভারতে ব্রাজিলের বিশাল সমর্থক গোষ্ঠীর কথা বিশেষভাবে তুলে ধরে সিবিএফ জানিয়েছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা অত্যন্ত ভালোবাসা ও আবেগের সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের পথচলা অনুসরণ করে আসছেন, তাদের সঙ্গে এটি হতে যাচ্ছে এক বিশেষ সাক্ষাৎ। সল্টলেক স্টেডিয়ামের এই ম্যাচের মাধ্যমে ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায় রচিত হতে চলেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন