রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নেইমারের দুর্দান্ত অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল সান্তোস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৫, ২০২৬, ১১:২৯ এএম

নেইমারের দুর্দান্ত অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল সান্তোস

ছবি : সংগৃহীত

কোপা ডু ব্রাজিলের শেষ ষোলোর প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয় লেগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে সান্তোস। ব্রাজিলিয়ান তারকা নেইমারের অসাধারণ অ্যাসিস্ট এবং বদলি হিসেবে মাঠে নামা রনির করা একমাত্র গোলে রেমোকে এক গোলে পরাজিত করেছে তারা। এই জয়ের ফলে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে নিজেদের অবস্থান পাকা করল দলটি।

বুধবার এস্তাদিও এস্তাদুয়াল জর্নালিস্তা এডগার অগুস্তো প্রোয়েন্সা স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।ম্যাচের প্রথমার্ধে উভয় দলই গোলের জন্য বেশ চেষ্টা করলেও কেউই জালের দেখা পায়নি। তবে প্রথমার্ধের শেষভাগে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেমোর ডিফেন্ডার মার্লন, যার ফলে স্বাগতিক দলটিকে বাকি সময় দশজন নিয়ে খেলতে হয়। 

বিরতির পর কৌশলগত পরিবর্তন এনে সান্তোস কোচ কুকা একসঙ্গে তিনজন খেলোয়াড় মাঠে নামান, যার মধ্যে ছিলেন নেইমার ও রনি।খেলার চৌহাত্তর মিনিটে নেইমারের নিখুঁত পাস থেকে বল পেয়ে জয়সূচক গোলটি করেন রনি।পুরো ম্যাচে একাধিপত্য বজায় রেখে বলের দখল নিজেদের কাছে রাখা সান্তোস শেষ পর্যন্ত ন্যূনতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।