আগস্ট ১৯, ২০২৬, ০৪:৪১ পিএম
ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টাইগারদের এই অবিস্মরণীয় জয়ের পর পুরো দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে, তা প্রধান কোচ ফিল সিমন্সকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উন্মাদনার কথা মনে করিয়ে দিয়েছে।ভারতীয় ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম রেভস্পোর্টজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়, দলের মানসিকতা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বিস্তারিত কথা বলেছেন ৬৩ বছর বয়সী এই ক্যারিবীয় কোচ।
ডারউইনের এই জয়কে কেবল একটি সাধারণ ম্যাচের ফলাফল হিসেবে দেখতে নারাজ তিনি।ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তির মতে, এই ঐতিহাসিক জয় পুরো বাংলাদেশে অনন্য এক আবেগ ও উদ্দীপনার জন্ম দিয়েছে। ফিল সিমন্স বলেন, তারা এই বিষয়টিকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সময়ের সাথে কিছুটা তুলনা করছিলেন। কারণ বিশ্বকাপ জয়ের সময় ঢাকার রাস্তাঘাটের পরিস্থিতি ছিল অবিশ্বাস্য এবং ঠিক তেমন একটি অনুভূতিই এবার দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে দেখা গেছে।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় খেলতে নেমেই দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এর আগে ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় সবশেষ টেস্ট খেলেছিল টাইগাররা, যেখানে দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হারতে হয়েছিল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অজিদের বিপক্ষে এটি লাল-সবুজ প্রতিনিধিদের দ্বিতীয় জয় হলেও তাদের মাটিতে এটিই প্রথম। ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিকদের কার্যত প্রতিটি সেশনে কোণঠাসা করে মাত্র তিন দিনের কিছু বেশি সময়ে নয় উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
সাক্ষাৎকারে সিমন্স জানান, কেবল এশিয়ার মাটিতে নয়, বরং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো পেস ও বাউন্সনির্ভর কন্ডিশনেও ভালো টেস্ট ক্রিকেট খেলার সামর্থ্য দেখাতে চায় তার দল।তিনি আরও উল্লেখ করেন, টেস্ট ক্রিকেটের মঞ্চ এবং প্রতিপক্ষ হিসেবে এক নম্বর দল অস্ট্রেলিয়াই ক্রিকেটারদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল। এ ছাড়া আবেগ নিয়ন্ত্রণ করে সেশন ধরে ধরে নিজেদের স্বাভাবিক খেলাটা ধরে রাখাই ছিল তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন