সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৮:৫৭ পিএম
খেলাধুলাকে লাভজনক ও টেকসই পেশা হিসেবে রূপ দিতে তৃণমূল পর্যায় থেকে অবকাঠামো তৈরির কাজ শুরু করেছে সরকার। ইউনিয়ন পর্যায়ে নতুন খেলার মাঠ তৈরি এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে। বুধবার বিকেলে বগুড়ায় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার ছাব্বিশের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এসব কথা জানান।
মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে মাঠের বিকল্প নেই। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সমাপনীতে প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকেই তরুণদের ক্রীড়া প্রতিভাকে পেশাদারিত্বের সঙ্গে গড়ে তুলতে চায় বর্তমান সরকার। সেই লক্ষ্যেই প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে মাঠের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া বগুড়ায় দ্রুত ‘আরাফাত রহমান কোকো স্পোর্টস ভিলেজ’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার বাস্তবায়ন প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে। পাশাপাশি দর্শকদের সুবিধার্থে স্থানীয় এই মাঠের চারপাশে পূর্ণাঙ্গ গ্যালারি তৈরির ঘোষণাও দেন তিনি।
মাঠের সঙ্গে নিজের অতীত স্মৃতিচারণ করে আমিনুল হক জানান, নির্বাচনের বেশ কিছুদিন আগে তিনি নিজেও এই মাঠে এসে ফুটবল খেলেছিলেন। তাই সেই মাঠে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তির অতিরিক্ত আসক্তি ও মাদকের বিস্তার থেকে দূরে রাখতে প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে ক্রীড়া কর্মকাণ্ড জোরদার করা অপরিহার্য। একটি মানবিক সমাজ গঠনে তিনি উপস্থিত অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল ম্যাচে বগুড়া সিটি করপোরেশন দল চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন