সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রোহিতের পর যার হাতে ভারতের ওয়ানডে নেতৃত্ব

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৫, ০৪:১২ পিএম

রোহিতের পর যার হাতে ভারতের ওয়ানডে নেতৃত্ব

ছবি - সংগৃহীত

ভারতীয় ওয়ানডে ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো। রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তরুণ ব্যাটার শুভমান গিলের হাতে। বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে, ২৬ বছর বয়সী এই ক্রিকেটারই হবেন দলের নতুন ওয়ানডে অধিনায়ক।শনিবার আহমেদাবাদে নির্বাচক কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকর, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআই সচিব দেবজিত সাইকি।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই মূলত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই গিলকে পরবর্তী প্রজন্মের নেতা হিসেবে গড়ে তুলছে। সেই লক্ষ্যেই তাঁর হাতে ওয়ানডে দলের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।গিল বর্তমানে ভারতের টেস্ট দলের অধিনায়ক, পাশাপাশি তিনি টি-টোয়েন্টি দলের সহঅধিনায়ক।

গত মে মাসে রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর গিল টেস্ট নেতৃত্ব পান এবং ইংল্যান্ডে প্রথম সিরিজেই ৭৫৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন।নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলের যাত্রা শুরু হচ্ছে আসন্ন অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। সিরিজটি আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হবে। এরপর ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

অস্ট্রেলিয়া সিরিজের পর ভারত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা (নভেম্বর-ডিসেম্বর) এবং নিউজিল্যান্ডের (জানুয়ারি) বিপক্ষে আরও দুটি ওয়ানডে সিরিজ খেলবে।এদিকে, অধিনায়কত্ব ছাড়লেও রোহিত শর্মা থাকছেন দলে শুধু ব্যাটসম্যান হিসেবে। তার সঙ্গে বিরাট কোহলিও ফিরছেন ওয়ানডে দলে। মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির পর এটাই তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে।

রোহিত শর্মা ডিসেম্বর ২০২১ থেকে ভারতের ওয়ানডে অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বে ভারত ৫৬টি ম্যাচের মধ্যে ৪২টিতে জয় পেয়েছিল এবং ২০১৮ ও ২০২৩ সালের এশিয়া কাপ এবং সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি জয় করে। গিলের সামনে এখন এই সাফল্যের ধারা অব্যাহত রাখার বড় চ্যালেঞ্জ।