অক্টোবর ৯, ২০২৫, ০৬:৪৭ পিএম
টি-টোয়েন্টির ছন্দ ওয়ানডেতে ধরে রাখতে পারল না বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস এবং বল হাতে ১ উইকেট নিয়ে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ, কিন্তু তার এই লড়াই দলকে জেতাতে পারেনি। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতা এবং অন্তত ৪০ রান কম করাকে দায়ী করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বুধবার আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২২১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ৫ উইকেট ও ৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক শান্ত বলেন, “আমরা প্রথম ১৫ ওভারেই অনেকগুলো উইকেট হারিয়ে ফেলেছিলাম, যা আমাদের পিছিয়ে দেয়। উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না, টার্ন করছিল।
ওই সময় মিরাজ ও হৃদয় (তাওহীদ হৃদয়) খুব ভালো একটি জুটি গড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর কোনো বড় জুটি না হওয়ায় আমরা লড়াকু স্কোর গড়তে পারিনি।”শান্ত আরও বলেন, “আমরা এই উইকেটের তুলনায় অন্তত ৩০-৪০ রান কম করেছি। যদি ২৬০-এর কাছাকাছি রান তুলতে পারতাম, তাহলে ফলটা ভিন্ন হতে পারত, কারণ আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট ভালো ছিল।”
তবে প্রথম ম্যাচ হারলেও সিরিজ জয়ের আশা ছাড়ছেন না অধিনায়ক। তিনি বলেন, “আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। একটা ম্যাচ গেছে, আরও দুটি বাকি আছে। এই ম্যাচে আমরা কিছু ভুল করেছি, কিন্তু এখান থেকে শিক্ষা নিয়েই সামনে এগোতে হবে। আমি বিশ্বাস করি, ছেলেরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে।”একই ভেন্যুতে আগামী শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন