অক্টোবর ১১, ২০২৫, ০৭:৪৯ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরগুলোকে সামনে রেখে নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবারের বিজ্ঞপ্তিতে সবচেয়ে বড় চমক হিসেবে যুক্ত হয়েছে ‘নোয়াখালী’ অঞ্চলের নাম। ফলে, সবকিছু ঠিকঠাক থাকলে দেশের সবচেয়ে জনপ্রিয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথমবারের মতো নোয়াখালী অঞ্চলের কোনো দল দেখা যেতে পারে।
শনিবার (১১ অক্টোবর) বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএলের আগামী পাঁচ মৌসুমের জন্য (২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত) কমপক্ষে পাঁচটি নতুন ফ্র্যাঞ্চাইজির মালিকানা চেয়ে বা আগ্রহপত্র আহ্বান করা হয়েছে।বিজ্ঞপ্তিতে মোট দশটি সম্ভাব্য অঞ্চলের নাম প্রকাশ করা হয়েছে, যেখান থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো বাছাই করা হবে। অঞ্চলগুলো হলো—বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট।
এই তালিকায় নতুন করে নোয়াখালীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় সেখানকার ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উত্তেজনা তৈরি হয়েছে।বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আগ্রহী প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা, সুনাম এবং ক্রিকেটের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে চূড়ান্তভাবে ফ্র্যাঞ্চাইজি মালিকানা প্রদান করা হবে। নোয়াখালীর মতো একটি ক্রিকেট অনুরাগী অঞ্চল থেকে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান দল গঠনে এগিয়ে আসে কিনা, এখন সেটাই দেখার বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন