সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পাঁচ দলের বিপিএল আয়োজনের পরিকল্পনা বিসিবির

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০৯:০৫ পিএম

পাঁচ দলের বিপিএল আয়োজনের পরিকল্পনা বিসিবির

ছবি - সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পরই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে তাদের পরিকল্পনা স্পষ্ট করেছে। সময়ের স্বল্পতার কারণে আসন্ন বিপিএলের ১২তম আসরটি মাত্র পাঁচ দল নিয়ে আয়োজন করা হবে। টুর্নামেন্টটি ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এক মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের (জিসি) সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।তিনি বলেন, “বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বিপিএল ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আয়োজন করার। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ও জাতীয় নির্বাচনের কারণে সময় খুবই সীমিত। তাই আমরা পাঁচ দল নিয়েই টুর্নামেন্ট আয়োজন করতে স্বাচ্ছন্দ্যবোধ করছি।”

মিঠু আরও বলেন, “ভবিষ্যতে দল সংখ্যা ছয় বা সাত হতে পারে, তবে আপাতত আমাদের অগ্রাধিকার হলো এক মাসের মধ্যে পাঁচ দলের একটি সফল বিপিএল আয়োজন করা।”বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চেয়ে খুব শীঘ্রই আগ্রহপত্র (EOI) আহ্বান করা হবে বলে জানিয়েছে বিসিবি। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের এবারের আসরে অংশ নেওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সে প্রসঙ্গে মিঠু বলেন, “তারা এলে ভালো হবে।

আমরা তাদের স্বাগত জানাই। তারা দলটি খুব ভালোভাবে পরিচালনা করেছে।”নতুন বোর্ড দেশের ক্রিকেটে একটি টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করতে চায় এবং বিপিএলকে আরও সুসংগঠিত করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিসিবির এই নতুন কর্তা।