সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নেইমারকে দলে টানতে মরিয়া ইন্টার মায়ামি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ১০:৩৮ পিএম

নেইমারকে দলে টানতে মরিয়া ইন্টার মায়ামি

ছবি - সংগৃহীত

ফুটবল বিশ্বে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বার্সেলোনার কিংবদন্তি আক্রমণভাগ ‘এমএসএন’—লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার জুনিয়র। ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মেইল’-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি এই  (ভয়ংকর) ত্রয়ীকে পুনরায় একত্রিত করতে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে দলে ভেড়াতে ‘মরিয়া’ হয়ে উঠেছে।

ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটিতে ইতোমধ্যে খেলছেন মেসি ও সুয়ারেজ। সম্প্রতি তাদের সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা ও সার্জিও বুসকেটস ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ায় দলে দুটি ‘ডেজিগনেটেড প্লেয়ার’ বা শীর্ষ খেলোয়াড়ের কোটা খালি হয়েছে। সেই সুযোগেই নেইমারকে দলে টানার পরিকল্পনা করছে মায়ামি কর্তৃপক্ষ।জানা গেছে, ৩৩ বছর বয়সী নেইমারের সঙ্গে তার বর্তমান ক্লাব সান্তোসের চুক্তি আগামী ডিসেম্বরেই শেষ হচ্ছে।

ফলে, জানুয়ারিতেই তিনি ফ্রি এজেন্ট হিসেবে মায়ামিতে যোগ দিতে পারেন। ইনজুরি এবং ফর্মহীনতার কারণে ২০২৩ সাল থেকে ব্রাজিল জাতীয় দলের বাইরে থাকা নেইমারের জন্য ২০২৬ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের লিগে খেলাটা দলে ফেরার একটি বড় সুযোগ হতে পারে।বার্সেলোনার হয়ে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই ‘এমএসএন’ ত্রয়ী ফুটবল বিশ্বে এককথায় শাসন করেছেন।

এই সময়ে তারা একসঙ্গে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট নয়টি বড় শিরোপা জিতেছিলেন। সেই সোনালি সময়ের তিন তারকাকে আবারও একসঙ্গে দেখার সম্ভাবনায় ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি, তবে এই গুঞ্জন সত্যি হলে তা মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি হবে।