অক্টোবর ১৩, ২০২৫, ১১:০৫ পিএম
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর ২০২৭ সালের বিশ্বকাপে বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হতে পারে—সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১৩ অক্টোবর) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশ দল এখনও আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী আরও ২৪টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাবে।
বিসিবি বিবৃতিতে জানায়, “কিছু প্রতিবেদনে দলের ম্যাচসংখ্যা ও র্যাংকিংয়ের সুযোগ নিয়ে ভুল বা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। বাস্তবে, বাংলাদেশ দল নভেম্বর ২০২৬ পর্যন্ত মোট ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে, যা বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আইসিসির নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি দলগুলোকে বাছাইপর্ব খেলতে হবে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে যাওয়ায় বাংলাদেশের র্যাংকিংয়ে অবনতির আশঙ্কায় এই গুঞ্জনের সূত্রপাত হয়েছিল।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের বাকি একটি ম্যাচ ছাড়াও বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ভারতের বিপক্ষে মোট ২৪টি ওয়ানডে খেলবে। এই ম্যাচগুলোর ফলাফলের ওপরই নির্ভর করবে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন