সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পাত্তাই পেল না বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের বিশাল হার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ০৯:৫১ পিএম

পাত্তাই পেল না বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের বিশাল হার

ছবি - সংগৃহীত

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার সামনে পাত্তাই পেল না বাংলাদেশ। ব্যাটে-বলে কোনো বিভাগেই বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। ফলাফল—১০ উইকেটের এক বিশাল ও  হার। এই পরাজয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল বাংলাদেশের।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। সোবহানা মোস্তারির অপরাজিত ৬৬ রানের এক লড়াকু ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে তারা, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর।

কিন্তু এই ‘লড়াকু’ সংগ্রহকে ছেলেখেলায় পরিণত করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি এবং ফোবি লিচফিল্ড। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন তারা। অধিনায়ক অ্যালিসা হিলি তুলে নেন টুর্নামেন্টে তার টানা দ্বিতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি মাত্র ৭৭ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে, ফোবি লিচফিল্ড অপরাজিত থাকেন ৭২ বলে ৮৪ রান করে।

তাদের এই বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে অস্ট্রেলিয়া মাত্র ২৫.১ ওভারেই, অর্থাৎ প্রায় অর্ধেক ওভার বাকি থাকতেই, কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে (১৯৯/০) পৌঁছে যায়। এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল।