সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৫, ০৮:৩৬ পিএম

ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

ছবি - সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে শক্তিশালী হংকংয়ের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফেরার সুখবর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে বাংলাদেশ এক ধাপ এগিয়েছে। ১৮৪তম অবস্থান থেকে লাল-সবুজের প্রতিনিধিরা এখন ১৮৩তম স্থানে উঠে এসেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) ফিফা তাদের হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করে, যেখানে এই উন্নতির চিত্র দেখা যায়। গত মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে তাদেরই মাঠে ড্র করায় মূল্যবান রেটিং পয়েন্ট অর্জন করে বাংলাদেশ, যা এই র‍্যাংকিংয়ের পরিবর্তনে ভূমিকা রাখে।

এদিকে, ফিফার নতুন র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। তবে, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ধাপ এগিয়ে ফ্রান্সকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।এশিয়ার দলগুলোর মধ্যে শীর্ষে থাকা জাপানের অবস্থান ১৯তম। বাংলাদেশের গ্রুপ ‘সি’-এর অন্য দলগুলোর মধ্যে সিঙ্গাপুর তিন ধাপ এগিয়ে ১৫৫তম স্থানে উঠে এলেও, ভারতের দুই ধাপ এবং হংকংয়ের এক ধাপ অবনমন হয়েছে।

র‍্যাংকিংয়ে এই সামান্য অগ্রগতি খুব বড় কিছু না হলেও, এটি দলের সাম্প্রতিক লড়াকু মানসিকতার একটি স্বীকৃতি। আগামী ১৮ নভেম্বর ফিফা উইন্ডোর ম্যাচে ঢাকায় শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে একটি ইতিবাচক ফলাফল র‍্যাংকিংয়ে আরও উন্নতির সুযোগ করে দিতে পারে।