অক্টোবর ১৭, ২০২৫, ১১:১৫ পিএম
মাঠের লড়াই ছাপিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা আর উন্মাদনা। এবার সেই উন্মাদনা ডিজিটাল প্ল্যাটফর্মে গড়েছে নতুন বিশ্বরেকর্ড। চলমান আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি নারী ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকের দেখা আন্তর্জাতিক ম্যাচে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচটি ডিজিটাল প্ল্যাটফর্মে ২ কোটি ৮৪ লাখ দর্শক দেখেছে। ম্যাচটি সর্বমোট ১৮৭ কোটি মিনিট ধরে দেখা হয়েছে, যা নারী ক্রিকেটের ইতিহাসে একটি নতুন মাইলফলক।
শুধু ডিজিটাল প্ল্যাটফর্মেই নয়, টেলিভিশনের দর্শকসংখ্যার হিসাবেও এই ম্যাচটি নারী বিশ্বকাপের ইতিহাসে লিগ পর্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ম্যাচে পরিণত হয়েছে।আইসিসি আরও জানায়, এবারের নারী বিশ্বকাপের প্রথম ১৩টি ম্যাচেই দর্শকসংখ্যায় অভাবনীয় সাফল্য এসেছে। প্রথম ১৩টি ম্যাচে মোট দর্শকসংখ্যা ৬ কোটি ছাড়িয়েছে, যা ২০২২ সালের আসরের তুলনায় পাঁচ গুণ বেশি। একই সঙ্গে, ম্যাচ দেখার সময়ও (ওয়াচ-টাইম) ১২ গুণ বেড়ে ৭০০ কোটি মিনিটে পৌঁছেছে।
এছাড়াও, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি জিওহটস্টার প্ল্যাটফর্মে একই সময়ে ৪৮ লাখ দর্শক একসঙ্গে উপভোগ করেছেন, যা নারী ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক যুগপৎ দর্শকের নতুন রেকর্ড।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন