অক্টোবর ১৮, ২০২৫, ১২:০৫ পিএম
একই বছরে তিনটি ভিন্ন বয়স ভিত্তিক দলের এশিয়ান কাপ খেলার যে ঐতিহাসিক স্বপ্ন দেখছিল বাংলাদেশ, তা পূরণ হলো না। এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের অঘোষিত ফাইনালে চাইনিজ তাইপের কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়ে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের মেয়েদের।
এর আগে, চলতি বছরে বাংলাদেশের সিনিয়র জাতীয় নারী দল এবং অনূর্ধ্ব-২০ নারী দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। সেই ইতিহাস স্পর্শ করতে হলে জর্ডানের আকাবা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে চাইনিজ তাইপেকে হারাতেই হতো সাইফুল বারী টিটুর শিষ্যদের।
কিন্তু ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় তাইপের মেয়েরা। ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় তারা। এরপর ৩৪ মিনিটে একটি দুর্দান্ত ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করলে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করলেও ৬৬ মিনিটে তৃতীয় গোল হজম করার পর কার্যত হাল ছেড়ে দেয় বাংলাদেশের মেয়েরা।
সেই সুযোগে ম্যাচের যোগ করা সময়ে আরও দুইবার বাংলাদেশের জালে বল জড়িয়ে ৫-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে চাইনিজ তাইপে এবং গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে।এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের সঙ্গে ৮৯ মিনিটে গোল হজম করে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ, যা তাদের সমীকরণকে শুরুতেই কঠিন করে দিয়েছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন