অক্টোবর ১৮, ২০২৫, ১২:৫৩ পিএম
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিং বিপর্যয়ে হোয়াইটওয়াশ হওয়ার হতাশা কাটিয়ে আজ নতুন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি আজ (শনিবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে। এই ম্যাচে একটি শক্তিশালী একাদশ নিয়ে জয়ে ফিরতে মরিয়া স্বাগতিকরা।
আফগান সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ। তার জায়গায় একাদশে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারের ফেরা প্রায় নিশ্চিত। তার সঙ্গী হিসেবে থাকবেন মোহাম্মদ সাইফ হাসান।দলের সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো মিডল অর্ডার। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের আজ অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
সেক্ষেত্রে তাকে জায়গা দিতে বাদ পড়তে পারেন আফগান সিরিজে রান না পাওয়া জাকের আলী অনিক অথবা নুরুল হাসান সোহানের মধ্যে যেকোনো একজন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ফর্মে থাকা তাওহীদ হৃদয়ের ওপরই থাকবে মিডল অর্ডারের মূল দায়িত্ব।
মিরপুরের স্পিন-সহায়ক উইকেটের কথা মাথায় রেখে বাংলাদেশ তিনজন স্পিনার নিয়ে মাঠে নামতে পারে। মেহেদী হাসান মিরাজের সঙ্গে লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামের থাকা নিশ্চিত। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা যেতে পারে তাসকিন আহমেদ অথবা হাসান মাহমুদকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটকিপার), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোতি, জাইডেন সিলস ও শামার জোসেফ।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন