অক্টোবর ২০, ২০২৫, ০৯:৫৭ এএম
চিলির সান্তিয়াগোর রাতটা আফ্রিকান ফুটবলের ইতিহাসে অমর হয়ে থাকল। ইয়াসির জাবিরির জোড়া গোলে লাতিন পরাশক্তি আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের স্বপ্নের শিরোপা জিতল মরক্কো। এটিই মরক্কোর প্রথম কোনো বৈশ্বিক ফুটবল শিরোপা।টুর্নামেন্টের শুরুতে ফেভারিট না হলেও, কোচ মোহাম্মদ ওয়াহবির শিষ্যরা এক অবিশ্বাস্য রূপকথার জন্ম দিয়েছে।
স্পেন, ব্রাজিল ও ফ্রান্সের মতো পরাশক্তিদের হারিয়ে ফাইনালে ওঠা মরক্কো শুরু থেকেই আর্জেন্টিনার ওপর চাপ সৃষ্টি করে।ফাইনাল ম্যাচের ১২তম মিনিটেই মরক্কোকে এগিয়ে দেন অধিনায়ক ইয়াসির জাবিরি। তার নেওয়া একটি ফ্রি-কিক আর্জেন্টিনার গোলকিপার ফাউলের মাধ্যমে প্রতিহত করতে গেলে পেনাল্টি পায় মরক্কো। তবে পেনাল্টি কিক নেওয়ার আগেই, ফাউলের স্থান থেকে নেওয়া পরবর্তী ফ্রি-কিকে জাবিরি নিজেই নিখুঁত বাঁ পায়ের শটে বল জালে জড়ান।
দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ২৯তম মিনিটে। ওথমান মাম্মার দুর্দান্ত এক পাস থেকে বল পেয়ে জাবিরি আবারও নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন।প্রথমার্ধে দুই গোল হজম করে পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে খেলেও মরক্কোর ইস্পাতদৃঢ় রক্ষণ ভাঙতে পারেনি। কোচ দিয়েগো প্লাসেন্টের শিষ্যদের প্রতিটি আক্রমণই মরক্কোর গোলরক্ষক গোমিসের বিশ্বস্ত হাতে এসে থেমে যায়।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বিশ্বজয়ের উল্লাসে ফেটে পড়ে মরক্কোর খেলোয়াড় ও সমর্থকরা। যুব ফুটবলে ধারাবাহিক উন্নতির এই ফল আফ্রিকান ফুটবলের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন