অক্টোবর ২০, ২০২৫, ০৮:৩১ পিএম
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। সোমবার (২০ অক্টোবর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে, বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮.৪ ওভারে ২০২ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।এদিন টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুতেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ।
ইনিংসের প্রথম বলেই লঙ্কান ওপেনার বিষমি গুনারত্নেকে সাজঘরে ফেরান পেসার মারুফা আক্তার।তবে, দ্বিতীয় উইকেটে ৭২ রানের দুর্দান্ত জুটি গড়ে সেই ধাক্কা সামলে নেন অধিনায়ক চামারি আতাপাত্তু (৪৬) এবং হাসিনি পেরেরা। আতাপাত্তু ফিরে যাওয়ার পর শ্রীলঙ্কার ইনিংসে ছোটখাটো ধস নামলেও, একপ্রান্ত আগলে রাখেন পেরেরা।পঞ্চম উইকেটে নিলাক্ষিকা সিলভার (৩৭) সঙ্গে আরও একটি ৭৪ রানের জুটি গড়ে
দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান হাসিনি পেরেরা। বাংলাদেশি বোলারদের শাসন করে তিনি ৯৯ বলে ৮৫ রানের এক অনবদ্য ইনিংস খেলেন।কিন্তু পেরেরা আউট হওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার লোয়ার-অর্ডার। বাংলাদেশের পক্ষে তরুণ লেগ-স্পিনার স্বর্ণা আক্তার দুর্দান্ত বল করে ২৭ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন। এ ছাড়া রাবেয়া খান ২টি এবং মারুফা, নাহিদা ও নিশিথা আক্তার একটি করে উইকেট লাভ করেন।
সেমিফাইনালের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে হলে ২০৩ রানের এই লক্ষ্য তাড়া করার কোনো বিকল্প নেই বাংলাদেশের মেয়েদের সামনে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন