রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১ রানে ৪ উইকেট হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ১১:০৩ পিএম

১ রানে ৪ উইকেট হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ

ছবি - সংগৃহীত

তীরে এসে তরী ডোবার এক রুদ্ধশ্বাস ও মর্মান্তিক গল্পের সাক্ষী হলো বাংলাদেশের নারী ক্রিকেট দল। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচটি বাংলাদেশ হেরে গেল অবিশ্বাস্য নাটকীয়তায়। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান, হাতে ছিল ৫ উইকেট। কিন্তু সেই ওভারে মাত্র ১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে নিগার সুলতানা জ্যোতির দল। ৭ রানের এই হারে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের।

সোমবার (২০ অক্টোবর) মুম্বাইয়ে ২০৩ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার রুবাইয়া হায়দারকে হারায় বাংলাদেশ। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান। তবে অন্য প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও, শেষ ওভারে জয়ের সমীকরণ বাংলাদেশের হাতেই ছিল। কিন্তু শেষ ওভারের সেই নাটকীয় ধসেই সব স্বপ্ন শেষ হয়ে যায়।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাও শুরুতেই উইকেট হারায়। মারুফা আক্তার ইনিংসের প্রথম বলেই লঙ্কান ওপেনারকে ফিরিয়ে দেন। তবে, চামারি আতাপাত্তুর (৪৬) সঙ্গে জুটি বেঁধে দলের হাল ধরেন হাসিনি পেরেরা। পেরেরার দুর্দান্ত ৮৫ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কা বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিল।

কিন্তু বাংলাদেশের বোলাররা, বিশেষ করে স্বর্ণা আক্তার, শেষদিকে দুর্দান্ত বোলিং করেন। ২৮ রানের ব্যবধানে শ্রীলঙ্কার শেষ ৬টি উইকেট তুলে নিয়ে লঙ্কানদের ৪৮.৪ ওভারে ২০২ রানেই অলআউট করে দেয় বাংলাদেশ। স্বর্ণা আক্তার ২৭ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন।বোলারদের তৈরি করা জয়ের মঞ্চে ব্যাটাররা উঠতে পারলেও, শেষ মুহূর্তের স্নায়ুচাপে ভেঙে পড়ে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন।