রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বকাপ থেকে বিদায়, কী বললেন অধিনায়ক জ্যোতি?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ১০:২৫ এএম

বিশ্বকাপ থেকে বিদায়, কী বললেন অধিনায়ক জ্যোতি?

ছবি - সংগৃহীত

জেতার জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৯ রান, হাতে ছিল ৫ উইকেট। এমন সহজ সমীকরণ মেলাতে না পেরে শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। নিশ্চিত জয়ের ম্যাচ এভাবে হাতছাড়া হওয়ার পর দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি স্বীকার করে নিলেন, তার দল গুরুত্বপূর্ণ মুহূর্তে স্নায়ুর চাপ ধরে রাখতে পারেনি।

সোমবার (২০ অক্টোবর) মুম্বাইয়ে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, “এটি অবশ্যই হৃদয়বিদারক। শুধু এই ম্যাচটিই নয়, আমরা টুর্নামেন্টে এমন তিনটি ম্যাচ হারলাম (ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে) যা আমাদের জেতা উচিত ছিল। কিছু কিছু পরিস্থিতিতে আমরা নিজেদের পরিকল্পনার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারাই।”

নিজেদের ব্যর্থতা স্বীকার করে জ্যোতি বলেন, “এই ধরনের রান তাড়া করতে গেলে শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকতে হয়, যা অন্য দলগুলো পারে। কিন্তু আমরা সেই চাপটা নিতে পারিনি। আমাদের এটা নিয়ে ভাবতে হবে।”শ্রীলঙ্কার দেওয়া ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে ৮২ রানের দুর্দান্ত এক জুটি গড়েন অধিনায়ক জ্যোতি। কিন্তু সুপ্তা পায়ে ক্র্যাম্পের কারণে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়লে ম্যাচের মোড় ঘুরে যায় বলে মনে করেন জ্যোতি।

তিনি বলেন, “আমি আর সুপ্তা খুব ভালো ব্যাট করছিলাম। সে যখন মাঠ ছেড়ে চলে গেল, মোমেন্টামও কিছুটা বদলে গেছে। এরপর স্বর্ণা এসে আবার জুটি গড়ার চেষ্টা করে, কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। এই রান তাড়া করার মতোই ছিল।”এই হারের ফলে ৬ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হলো। ভারতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি এখন বাংলাদেশের জন্য কেবলই নিয়মরক্ষার লড়াই।