রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রোনালদোকে ছাড়াই গোয়ায় আল নাসের, হতাশ ভারতীয় ভক্তরা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ১২:৪০ পিএম

রোনালদোকে ছাড়াই গোয়ায় আল নাসের, হতাশ ভারতীয় ভক্তরা

ছবি - সংগৃহীত

ভারতের মাটিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা দেখার যে স্বপ্ন ভারতীয় ফুটবলপ্রেমীরা দেখছিলেন, তা আরও একবার অপূর্ণই থেকে গেল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচে এফসি গোয়ার বিপক্ষে অংশ নিতে সৌদি আরবের ক্লাব আল নাসের গোয়ায় পৌঁছালেও, দলের সঙ্গে আসেননি মহাতারকা ক্রিশ্চানো রোনালদো।সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে রিয়াদ থেকে গোয়া বিমানবন্দরে এসে পৌঁছায় আল নাসের দল।

রোনালদোকে এক ঝলক দেখার আশায় বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত। কিন্তু সিআরসেভেন না আসায় হতাশ হয়েই ফিরতে হয় তাদের।সৌদি আরবের ক্রীড়া সংবাদমাধ্যম ‘আল রিয়াধিয়াহ’ জানিয়েছে, রোনালদোর সঙ্গে ক্লাবের চুক্তিতে এমন একটি ধারা রয়েছে, যা তাকে মধ্যপ্রাচ্যের বাইরের কিছু অ্যাওয়ে ম্যাচে না খেলার অনুমতি দেয়। তাছাড়া, আল নাসের কোচ জর্জ জেসুস ৪০ বছর বয়সী এই তারকার ওপর অতিরিক্ত চাপ দিতে চান না।

বিশেষ করে, সামনেই কিংস কাপে করিম বেনজেমার আল-ইত্তিহাদের বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় রোনালদো সেটির জন্যই নিজেকে প্রস্তুত রাখছেন বলে ধারণা করা হচ্ছে।রোনালদো না আসলেও, আল নাসেরের হয়ে খেলতে এসেছেন লিভারপুলের সাবেক তারকা সাদিও মানে, পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স এবং ফরাসি উইঙ্গার কিংসলে কোমানের মতো তারকারা।

আগামীকাল বুধবার (২২ অক্টোবর) ভারতের ফাতোরদা স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বের ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হবে আল নাসের।