সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ব্যাটিং বিপর্যয়ের পর ২১৪ রানের লক্ষ্য, জিততে পারবে বাংলাদেশ?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০৬:২৩ পিএম

ব্যাটিং বিপর্যয়ের পর ২১৪ রানের লক্ষ্য, জিততে পারবে বাংলাদেশ?

ছবি - সংগৃহীত

সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে শেষদিকে রিশাদ হোসেনের টর্পেডো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রানের একটি লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিকরা। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে এখন ২১৪ রান করতে হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে, স্পিন-বান্ধব উইকেটে শুরুটা ভালো হয়নি। দলীয় ২২ রানেই সাইফ হাসান (৬) আউট হন। এরপর নাজমুল হোসেন শান্ত (১৫) এবং তাওহীদ হৃদয় (১২) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে দল।

একপ্রান্ত আগলে রেখে ধীরগতিতে ব্যাট করতে থাকা সৌম্য সরকার ৮৯ বলে ৪৫ রান করে আউট হলে বাংলাদেশের বড় স্কোর গড়ার আশা ফিকে হয়ে যায়।কিন্তু ষষ্ঠ উইকেটে নেমে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বেঁধে পাল্টা আক্রমণ শুরু করেন প্রথম ম্যাচের নায়ক রিশাদ হোসেন। বিশেষ করে রিশাদ ছিলেন শুরু থেকেই বিধ্বংসী। তিনি মাত্র ১৪ বলে ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৯ রানের এক ঝড়ো অপরাজিত ইনিংস খেলেন।

মিরাজ অপরাজিত থাকেন ৩২ রানে। তাদের এই জুটিতেই বাংলাদেশ ২০০ রানের গণ্ডি পেরিয়ে ২১৩ রানে পৌঁছাতে সক্ষম হয়।ওয়েস্ট ইন্ডিজের বোলাররা এই ম্যাচে এক বিরল ইতিহাস গড়েছেন। তারা ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো দুই প্রান্ত থেকেই স্পিনার দিয়ে বোলিং আক্রমণ শুরু করে এবং পুরো ৫০ ওভারেই স্পিনারদের দিয়ে বল করায়। তাদের পক্ষে গুডাকেশ মোতি ৩টি উইকেট শিকার করেন।