বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শেষ বলের নাটকীয়তা, টাইয়ের পর সুপার ওভারে হারল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০৯:৪১ পিএম

শেষ বলের নাটকীয়তা, টাইয়ের পর সুপার ওভারে হারল বাংলাদেশ

ছবি - সংগৃহীত

ক্রিকেট যে কতটা নাটকীয় হতে পারে, তার সবটুকু যেন আজ মিরপুরে মঞ্চস্থ হলো। জয়ের খুব কাছে গিয়েও শেষ বলের নাটকীয়তায় ম্যাচ টাই করল বাংলাদেশ। এরপর সুপার ওভারে গিয়ে আর পেরে ওঠেনি স্বাগতিকরা। রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সুপার ওভারে হেরে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ।২১৩ রানের মাঝারি পুঁজি নিয়েও বাংলাদেশ দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ নিজেদের দখলেই রেখেছিল।

ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৫ রান, হাতে ছিল ২ উইকেট। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বল তুলে দেন পার্ট-টাইম স্পিনার মোহাম্মদ সাইফ হাসানের হাতে।প্রথম দুই বলে ডট দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন সাইফ। পরের দুই বলে আসে দুই সিঙ্গেল। সমীকরণ দাঁড়ায় ২ বলে ৩ রান। পঞ্চম বলে আকিল হোসেনকে বোল্ড করে সাইফ বাংলাদেশকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শেষ বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৩ রান, বাংলাদেশের ১ উইকেট।

খারি পিয়েরের ব্যাটের কানায় লেগে বল উঠে যায়, কিন্তু উইকেটরক্ষক নুরুল হাসান সোহান স্কয়ার লেগের দিকে দৌড়েও সেই কঠিন ক্যাচটি তালুবন্দী করতে পারেননি। এর মধ্যেই দুই রান নিয়ে ম্যাচ টাই করে ফেলেন শেই হোপ ও পিয়েরে।এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে শেষদিকে রিশাদ হোসেনের টর্পেডো ইনিংসে লড়াকু পুঁজি পায় দল।

রিশাদ মাত্র ১৪ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৩৯ রান করেন, যা ওয়ানডেতে ১০ বলের বেশি খেলা ইনিংসে কোনো বাংলাদেশির সর্বোচ্চ স্ট্রাইক রেট (২৭৮.৫৭)। এছাড়া সৌম্য সরকার ৪৫ ও মেহেদী হাসান মিরাজ ৩২ রান করেন।এই ম্যাচেই এক বিরল বিশ্বরেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো দল তাদের ইনিংসের পুরো ৫০ ওভারই স্পিনারদের দিয়ে বল করিয়েছে।