অক্টোবর ২৫, ২০২৫, ১০:৩৯ এএম
ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান রাজনৈতিক টানাপোড়েনের উত্তাপ এবার ক্রিকেট বিশ্ব ছাড়িয়ে হকির মাঠেও এসে পড়ল। আগামী ২৮ নভেম্বর ভারতের তামিলনাড়ুতে পর্দা উঠতে যাওয়া জুনিয়র হকি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। টুর্নামেন্ট শুরু হওয়ার প্রায় এক মাস আগেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)।
আন্তর্জাতিক হকি ফেডারেশন (আইএইচএফ) এক বিবৃতির মাধ্যমে পাকিস্তানের নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে গত কিছুদিন ধরেই যে গুঞ্জন ও অনিশ্চয়তা চলছিল, শেষ পর্যন্ত তা-ই সত্যি হলো।ক্রিকেটের ক্ষেত্রে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে ‘হাইব্রিড মডেল’ বা নিরপেক্ষ ভেন্যুর যে ছাড় পাওয়া গিয়েছিল, হকিতে তেমন কোনো সুবিধা না মেলায় পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তান হকি ফেডারেশনের মহাসচিব রানা মুজাহিদ জানিয়েছেন, তারা আন্তর্জাতিক হকি ফেডারেশনকে অনুরোধ করেছিলেন যেন তাদের ম্যাচগুলো নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজন করা হয়। তিনি বলেন, ‘ভারতে অনুষ্ঠিত বড় টুর্নামেন্টগুলোতে অংশ নিতে না পারা আমাদের হকির জন্য ব্যাপক ক্ষতি করছে। যখন ভারতীয় ক্রীড়াবিদরাই নিরপেক্ষ ভেন্যুতেও আমাদের সঙ্গে হাত মেলাতে চান না, তখন আমরা কীভাবে আশা করতে পারি যে ভারতে গিয়ে খেলব?’এবারের জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তান স্বাগতিক ভারত, চিলি এবং সুইজারল্যান্ডের সঙ্গে একই গ্রুপে ছিল।
পাকিস্তান নাম তুলে নেওয়ায় তাদের পরিবর্তে কোন দল টুর্নামেন্টে সুযোগ পাবে, তা আইএইচএফ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে দ্রুতই পরিবর্তিত দেশের নাম ঘোষণা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে বলেন, ‘পাকিস্তানের জন্য আমাদের দরজা সব সময় খোলা ছিল। ওরা খেলতে আসবে কি না, সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার। কিন্তু আমরা তাদের জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করতে পারি না।’ উল্লেখ্য, এর আগে এশিয়া কাপ হকি টুর্নামেন্ট খেলতে পাকিস্তান ভারতে না আসায় তাদের পরিবর্তে বাংলাদেশ অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন