সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ব্রেন্টফোর্ডের কাছে লিভারপুলের হার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ১০:০৬ এএম

ব্রেন্টফোর্ডের কাছে লিভারপুলের হার

চ্যাম্পিয়ন্স লিগে ফ্রাঙ্কফুর্টের মাঠে ৫-১ গোলের বিশাল জয়ের পর অনেকেই ভেবেছিলেন, লিভারপুল হয়তো এবার ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু সেই আশার গুড়ে বালি পড়ল মাত্র তিন দিনের ব্যবধানেই। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে ব্রেন্টফোর্ডের মাঠে গিয়ে ৩-২ গোলের লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছে আর্নে স্লটের দলকে। এই হার আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মৌসুমজুড়ে লিভারপুলকে ভোগানো পুরোনো রোগগুলো— ভঙ্গুর রক্ষণভাগ, তাল হারিয়ে ফেলা আত্মবিশ্বাস আর প্রবল মানসিক দুর্বলতা।

ম্যাচের শুরু থেকেই লিভারপুলের খেলায় ছন্দের অভাব ছিল প্রকট। মাত্র পাঁচ মিনিটের মাথায় মাইকেল কায়োদের লম্বা এক থ্রো-ইন থেকে ড্যাংগো উয়াতারা গোল করে বসেন, যা অতিথি দলের রক্ষণভাগের দুর্বলতা একেবারে উন্মোচন করে দেয়। এই গোলের পরই যেন ব্রেন্টফোর্ডের আত্মবিশ্বাস বেড়ে যায় এবং তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। প্রথমার্ধের খেলা যখন প্রায় শেষের দিকে, তখন মিকেল ড্যামসগার্ডের অসাধারণ এক থ্রু বল ধরে কেভিন শ্যাডে ব্যবধান দ্বিগুণ করেন।

তবে বিরতির ঠিক আগের মুহূর্তে মিলোস কেরকেজের গোলে লিভারপুল এক গোল শোধ করলে ম্যাচে ফেরার ক্ষীণ আশা জাগে।কিন্তু দ্বিতীয়ার্ধে ফিরে সেই আশার আলো দ্রুতই নিভে যায়। ম্যাচের ৬০ মিনিটের মাথায় ভার্জিল ফন ডাইক নিজেদের পেনাল্টি বক্সের লাইনে উয়াতারাকে ফাউল করে বসেন। রেফারি প্রথমে পেনাল্টি না দিলেও ভিএআর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলায়। স্পট কিক থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইগর তিয়াগো নিখুঁত শটে গোল করে লিভারপুলের কফিনে কার্যত শেষ পেরেকটি ঠুকে দেন।

ম্যাচের একেবারে শেষ দিকে মোহামেদ সালাহ ব্যক্তিগত নৈপুণ্যে দারুণ এক গোল করে ব্যবধান কমালেও তা কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। লিগে এটি লিভারপুলের টানা চতুর্থ পরাজয়, যা বর্তমান চ্যাম্পিয়নদের জন্য অত্যন্ত হতাশাজনক।এই ম্যাচে কোচ আর্নে স্লটের কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। অভিজ্ঞ অ্যান্ড্রু রবার্টসনকে বসিয়ে রেখে কেরকেজকে খেলানোর সিদ্ধান্ত বুমেরাং হয়েছে। মাঝমাঠে বিশাল অঙ্কের বিনিময়ে আনা জার্মান তারকা ফ্লোরিয়ান ভার্টজ ছিলেন একেবারেই নিষ্প্রভ, আর রক্ষণে অধিনায়ক ফন ডাইককেও মনে হয়েছে ছন্নছাড়া।

এই হারের ফলে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিভারপুল লিগ টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে, শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা পিছিয়ে পড়েছে চার পয়েন্টে। অন্যদিকে, চতুর্থ জয় তুলে নিয়ে ব্রেন্টফোর্ড উঠে এসেছে দশম স্থানে। লিভারপুল এখন শুধু পয়েন্ট টেবিলেই নয়, আত্মবিশ্বাসের দিক থেকেও পিছিয়ে পড়ছে মারাত্মকভাবে।