অক্টোবর ২৬, ২০২৫, ১২:৪৩ পিএম
ফুটবল বিশ্বে ‘এল ক্লাসিকো’ মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি উন্মাদনা। প্রজন্মের পর প্রজন্ম ধরে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার এই লড়াই কেবল জনপ্রিয়তাই পায়নি, পেয়েছে ক্লাসিক মর্যাদা। লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর যুগ পেরিয়ে এখন দুই দলেই তরুণ তুর্কিদের আগমন ঘটেছে, কিন্তু ম্যাচের আবেদন কমেনি এতটুকুও। আজ রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে সেই বহু প্রতীক্ষিত এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে স্পেনের এই দুই ফুটবল জায়ান্ট। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে মৌসুমের প্রথম ক্লাসিকো।
মেসি-রোনালদো পরবর্তী যুগে ইয়ামাল, এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, পেদ্রি, রাফিনহাদের মতো তরুণরাই এখন দুই দলের প্রাণভোমরা। আজকের ম্যাচেও ফুটবল বিশ্বের নজর থাকবে মূলত এদের দিকেই। এই ম্যাচটি জেতা মানে শুধু লিগ টেবিলের গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট অর্জনই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মান-সম্মান আর মর্যাদার প্রশ্নও। বিশেষ করে রিয়াল মাদ্রিদের জন্য আজকের ম্যাচটি প্রতিশোধেরও।
গেল বছর অক্টোবরে এই বার্নাব্যুতেই বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল লস ব্লাঙ্কোসরা। শুধু তাই নয়, গত মৌসুমে চারবারের দেখায় একবারও বার্সেলোনাকে হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ। তাই ঘরের মাঠে আজ জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না ‘কিংস অব ইউরোপ’ খ্যাত দলটি।
অন্যদিকে, কাতালানদের লক্ষ্য থাকবে রিয়াল মাদ্রিদের মাঠে জয়ের ধারা অব্যাহত রেখে লিগ টেবিলে নিজেদের অবস্থান সুসংহত করা এবং চিরপ্রতিদ্বন্দ্বীদের মানসিকভাবে আরও বিপর্যস্ত করে দেওয়া। সাম্প্রতিক ফর্ম আর পরিসংখ্যান বার্সেলোনার পক্ষেই কথা বলছে। তবে রেকর্ড যেকোনো দিনই ভাঙতে পারে এবং ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ সবসময়ই ভয়ঙ্কর। অতিরিক্ত প্রতিশোধস্পৃহা অবশ্য রিয়ালের জন্য বিপদও ডেকে আনতে পারে। সব মিলিয়ে, ট্যাকটিকস, তারুণ্যের ঝলক আর অভিজ্ঞতার লড়াইয়ে ভরপুর একটি জমজমাট এল ক্লাসিকো দেখার অপেক্ষায় রয়েছে কোটি ফুটবল অনুরাগী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন