সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

৯৫০ গোলের মাইলফলকে রোনালদো, গড়লেন নতুন ইতিহাস

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ০১:৩৫ পিএম

৯৫০ গোলের মাইলফলকে রোনালদো, গড়লেন নতুন ইতিহাস

ফুটবল ইতিহাসে গোলের পর গোল করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তিনি স্পর্শ করলেন আরও এক অবিশ্বাস্য মাইলফলক। সৌদি প্রো লিগে শনিবার রাতে আল হাজেমের বিপক্ষে গোল করে পর্তুগিজ এই সুপারস্টার তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ৯৫০তম গোলের দেখা পেয়েছেন। তার এই ঐতিহাসিক গোলের রাতে আল নাসরও ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে লিগে নিজেদের অপরাজিত যাত্রা অব্যাহত রেখেছে।

ম্যাচের ৮৮তম মিনিটে সতীর্থের বাড়ানো বল পেয়ে খুব কাছ থেকে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন রোনালদো। এই গোলেই তিনি ৯৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন এবং দলের জয় নিশ্চিত করেন। এটি ছিল চলতি মৌসুমে সৌদি প্রো লিগে তার ষষ্ঠ গোল এবং সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সপ্তম গোল। এর আগে ম্যাচের ২৫তম মিনিটে আরেক পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্সের দুর্দান্ত হেডে এগিয়ে গিয়েছিল আল নাসর। রোনালদোর গোলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি, যা লিগে তাদের টানা ষষ্ঠ জয়।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোনালদো দারুণ ছন্দে রয়েছেন। এই গোলটি সৌদি লিগে তার ৮০তম এবং আল নাসরের জার্সিতে সব মিলিয়ে ১০৬তম গোল। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে স্পোর্টিং সিপির হয়ে ৫টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫টি, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, জুভেন্টাসের হয়ে ১০১টি এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে ১৪৩টি গোল রয়েছে।

রোনালদোর এই মাইলফলক ছোঁয়ার ঠিক একদিন আগেই তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি একটি রেকর্ড ভেঙেছিলেন। ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে মেসি তার ক্যারিয়ার গোলসংখ্যা ৮৯১-এ নিয়ে যান। ৩৮ বছর ১২২ দিন বয়সে এই কীর্তি গড়ে তিনি সবচেয়ে কম বয়সে ৮৯০ গোলের মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়েন, যেখানে রোনালদোর লেগেছিল ৩৯ বছর ৮৯ দিন।

পরিসংখ্যান বলছে, মেসি তার গোলগুলো করেছেন ১,১৩১ ম্যাচে, আর রোনালদোর লেগেছে ১,২২০ ম্যাচ। সম্প্রতি মেসি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন, অন্যদিকে রোনালদো আল নাসরের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ। দুই কিংবদন্তির এই গোলসংখ্যা কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়।