সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

টি-টোয়েন্টি সিরিজে চ্যালেঞ্জ চান অধিনায়ক লিটন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ০২:৫৯ পিএম

টি-টোয়েন্টি সিরিজে চ্যালেঞ্জ চান অধিনায়ক লিটন

চট্টগ্রামে ভরদুপুরের তপ্ত রোদে শরীর পুড়িয়ে দেওয়ার মতো গরম। এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে হাজির হলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। তীব্র গরমে টিকে থাকাই যখন বড় চ্যালেঞ্জ, ঠিক তখনই অধিনায়ক আসন্ন সিরিজগুলোতে দলের জন্য আরও বড় চ্যালেঞ্জ চেয়ে বসলেন, বিশেষ করে উইকেটের দিক থেকে। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবেই এই চ্যালেঞ্জ নিতে চান তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে তিনটি এবং এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে আরও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। অর্থাৎ, বিশ্বকাপের আগে মোট ছয়টি ম্যাচ হাতে আছে। সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক লিটন দাস জানালেন, এই ছয়টি ম্যাচেই তিনি চ্যালেঞ্জিং কন্ডিশনে খেলতে চান। বিশেষ করে স্পিনারদের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, সহজ বা সাহায্যকারী উইকেটে নিয়মিত বোলিং করলে বোলারদের সামনে তেমন চ্যালেঞ্জ থাকে না, যা তাদের ধারাবাহিকতা তৈরিতে বাধা দেয়।

লিটনের কথায়, ‘স্পিনারদের ক্ষেত্রে আসলে আপনি যখন তাদেরকে টাফ উইকেটে রেগুলার বোলিং করাবেন, সেখান থেকেই আসলে ধারাবাহিকতা তৈরি হবে। আপনি যদি রেগুলার জানেন আমি যে উইকেটে বোলিং করব সেখানে হেল্প থাকবে, আসলে খুব একটা চ্যালেঞ্জ থাকে না। সো চেষ্টা করব আমরা এখানে খেলার জন্য যে বিকজ আমাদের হাতে বেশি একটা সময় নেই বিশ্বকাপের আগে। সম্ভবত এখানে তিনটা, আয়ারল্যান্ডে তিনটা। আমরা চেষ্টা করব, খুব ভালো উইকেটে ক্রিকেট খেলার জন্য এবং যেখানে যেন সবাই চ্যালেঞ্জ ফিল করে।’

তবে চ্যালেঞ্জ চান মানেই যে ম্যাচ হারতে চান বা দল পিছিয়ে থাকুক এমনটা চান, তা নয়। লিটন তার কথার ব্যাখ্যায় যোগ করেন, ‘সত্য কথা বলতে আমি দুইটা সিরিজে চাই আমাদের খেলোয়াড়রা যেন খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি চাই যে, বোলাররা যখন বল করবে, তারা যেন আন্ডার প্রেশার থাকে। যে জিনিসগুলো ভবিষ্যতে, সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ সেখানে আমার অনেকটাই হেল্প করবে।’ তিনি বোঝাতে চেয়েছেন, কঠিন পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতাই দলকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভালো করতে সাহায্য করবে।