নভেম্বর ১, ২০২৫, ০৯:৫৭ এএম
গত জুনে শ্রীলঙ্কা সফরের ঠিক আগে যে গোলমালের সূত্রপাত হয়েছিল, অবশেষে তার অবসান ঘটতে যাচ্ছে। অভিমান কাটিয়ে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে ফিরছেন নাজমুল হোসেন শান্ত। আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই তাকে আবারও সাদা পোশাকের অধিনায়ক হিসেবে দেখা যাবে।
গেল জুনে দেশে সিরিজপূর্ব সংবাদ সম্মেলন শেষ করে নাজমুল হোসেন শান্ত জানতে পারেন, তিনি আর ওয়ানডে দলের অধিনায়ক নন। তাকে আগেভাগে কিছু না জানিয়েই তার জায়গায় মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক করা হয়। এই ঘটনায় অভিমান হলেও নাজমুল তার প্রতিক্রিয়া জানান কলম্বোয় দ্বিতীয় টেস্ট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে। টেস্ট শেষ হওয়া মাত্রই তিনি টেস্ট দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
তড়িঘড়ি করে নতুন টেস্ট অধিনায়ক খোঁজার প্রয়োজন পড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কারণ, এরপর সাড়ে চার মাস বাংলাদেশের কোনো টেস্ট সিরিজের সূচি ছিল না। কিন্তু নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজ ঘনিয়ে আসায় বিসিবিকে অধিনায়ক বেছে নিতেই হতো।
জানা গেছে, চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার রাতেই (বুধবার) বোর্ড কর্তারা টেস্ট অধিনায়ক চূড়ান্ত করার আলোচনায় বসেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও বোর্ডের পরিচালকরা আলোচনা করে শান্তকেই ফেরানোর সিদ্ধান্ত নেন। গত রাতে কালের কণ্ঠকে একাধিক সূত্র নিশ্চিত করেছে, যেহেতু মাঝে কোনো টেস্ট ম্যাচই বাংলাদেশ খেলেনি, তাই বিরতি ছাড়াই এই পদে ফিরতে সম্মতি দিয়েছেন শান্ত।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, টেস্ট অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসের নামও আলোচনায় ছিল। কিন্তু ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সতীর্থ শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে লিটনের করা 'বেফাঁস' মন্তব্য তার বিপক্ষে গেছে। অন্যদিকে, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টেস্ট অধিনায়ক হিসেবে পরিচালকদের পূর্ণ ভরসা অর্জন করতে পারেননি।
তাছাড়া, বিসিবি আপাতত তিন সংস্করণের জন্য আলাদা অধিনায়ক রাখার নীতি থেকেও সরে আসছে না। লিটন (টি-টোয়েন্টি) ও মিরাজ (ওয়ানডে) দায়িত্বে থাকায় টেস্টের জন্য শান্তই ছিলেন সেরা বিকল্প। গত কয়েকদিন ধরেই নাজমুল হোসেন শান্তর সঙ্গে যোগাযোগ করে তার মান ভাঙাতে সক্ষম হয়েছে বিসিবি।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন