সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি, কে কত পাবেন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ১১:০১ এএম

নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি, কে কত পাবেন

দেশের নারী ক্রিকেটারদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের নারী ক্রিকেটারদের মাসিক বেতন ও অন্যান্য ভাতা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি পরিচালকদের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন ক্যাটাগরিতে বেতন বাড়ানো হয়েছে:

  • ‘এ’ ক্যাটাগরি: ১ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৮০ হাজার টাকা (বৃদ্ধি ৪০ হাজার)।

  • ‘বি’ ক্যাটাগরি: ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা।

  • ‘সি’ ক্যাটাগরি: ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা।

  • ‘ডি’ ক্যাটাগরি: ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।

মাসিক বেতনের পাশাপাশি, সিরিজ চলাকালে নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫ ডলার করা হয়েছে। একই সঙ্গে ট্যুর ফি ২৫ ডলার থেকে দ্বিগুণ করে ৫০ ডলার করা হয়েছে। এছাড়া, জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা অতিরিক্ত ভাতা পাবেন।

বিসিবির নতুন এই চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন তিন ক্রিকেটার: নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার এবং ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার।

এই চুক্তির বাইরে থাকা কোনো ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পেলে মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন।