নভেম্বর ৭, ২০২৫, ০৪:১৯ পিএম
জাতীয় নারী দলের সাবেক পেসার জাহানারা আলমের যৌন হয়রানির গুরুতর অভিযোগ নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে যে তোলপাড় চলছে, সেই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানিয়েছেন, সরকার এই অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
শুক্রবার (০৭ নভেম্বর) এ বিষয়ে কথা বলার সময় ক্রীড়া উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকেও ইতোমধ্যে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “তিনি (জাহানারা) যদি আইনি পদক্ষেপ নিতে চান, যেহেতু বিষয়টি ফৌজদারি অপরাধের আওতায় পড়ে, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।
এর আগে অস্ট্রেলিয়া থেকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা আলম জাতীয় দলের পরিবেশ এবং নিজের সঙ্গে ঘটে যাওয়া কিছু অপ্রিয় ঘটনার কথা প্রকাশ্যে আনেন। এর পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, তারা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হবে।
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, “যৌন হয়রানির অভিযোগ নতুন কিছু নয়, খেলাধুলার নানা ক্ষেত্রেই এর নজির আছে। তবে আমাদের দায়িত্ব হলো নিশ্চিত করা যে, কেউ যেন এ ধরনের কাজ করে পার না পেয়ে যায়। ক্রীড়াঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন