নভেম্বর ৭, ২০২৫, ০৫:৩৫ পিএম
বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমকে নিয়ে যৌন হয়রানির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে দেশের ক্রীড়াঙ্গন। বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে গুরুতর অভিযোগ এনেছেন এই পেসার। এই অভিযোগের প্রেক্ষিতে জাহানারার পাশে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল এবং মাশরাফি বিন মর্তুজা, এবং দুজনেই ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন। একই সঙ্গে জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন কোচিং স্টাফ এবং সতীর্থের বিরুদ্ধেও তিনি তার ক্যারিয়ার শেষ করে দেওয়ার অভিযোগ আনেন।এই ইস্যুতে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তামিম ইকবাল লেখেন, “জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সব কটিই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।
তামিম বলেন, যেকোনো পর্যায়ের ক্রিকেটার বা যেকোনো নারীর প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বিসিবি গঠিত তদন্ত কমিটির প্রসঙ্গে বলেন, “আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে।”
তামিম দ্রুত এই কমিটি গঠন করে দোষী যে-ই হোক, তার উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তিনি সেই নারী ক্রিকেটারদেরও মুখ খোলার আহ্বান জানান, যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন। তিনি প্রতিশ্রুতি দেন, “কথা দিচ্ছি, আমাকে ও আমাদের আপনাদের পাশে পাবেন।
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, “বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি।” তিনি আশা করেন, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, “যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।”



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন