নভেম্বর ৭, ২০২৫, ০৮:০২ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য অমনজোত কৌরের ফাইনালে নেওয়া সেই গুরুত্বপূর্ণ ক্যাচটি নিয়ে রসিকতা করেন।
অমনজোত কৌরের নেওয়া ক্যাচটিই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্টকে (১০১) আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই মুহূর্তের প্রসঙ্গে কথা বলতে গিয়ে অমনজোত সংবাদসংস্থা এএনআইকে বলেন, “প্রধানমন্ত্রী আমার ক্যাচ নিয়ে মজা করছিলেন। তিনি বললেন—সূর্য ভাইয়া (সূর্যকুমার যাদব) একটা ক্যাচ ধরেছিল, আমি একটা ধরলাম, আর দুটো বিশ্বকাপ ঘরে ফিরল! আমরা সবাই হেসে ফেলেছিলাম।
এর আগে পুরুষ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময় সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য ক্যাচটিও দারুণ ভাইরাল হয়েছিল। নারী বিশ্বকাপ ফাইনালেও অমনজোতের অসাধারণ প্রচেষ্টায় ধরা পড়ে লরা ভলভার্টের উইকেট, যা দক্ষিণ আফ্রিকার রান তাড়ার গতি থামিয়ে দেয়। শেষ পর্যন্ত ভারত ৫২ রানে ম্যাচটি জেতে।
প্রধানমন্ত্রী মোদি টুর্নামেন্টের শুরুতে তিন ম্যাচে হারের পরও দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তার প্রশংসা করেন। তিনি বলেন, দলের এই দৃঢ় মনোবলের দৃষ্টান্ত দেশের মেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এদিকে, বিশ্বজয়ের পর নিজের শহর চণ্ডীগড়ে ফেরার সময় অমনজোত কৌরকে বিমানবন্দরে হাজারো সমর্থকের ভালোবাসায় সিক্ত হতে দেখা যায়। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “পুরো পাঞ্জাব আমাকে স্বাগত জানাতে এসেছে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! পরিবার পাশে না থাকলে এতদূর আসা সম্ভব নয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন