শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

পর্যটনে উপসাগরীয় অঞ্চলে সাড়ে সাত কোটি মানুষের ভ্রমণ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৬, ১২:০৯ পিএম

পর্যটনে উপসাগরীয় অঞ্চলে সাড়ে সাত কোটি মানুষের ভ্রমণ

ছবি :সংগ্রহীত

উপসাগরীয় অঞ্চলে পর্যটক আগমনের ক্ষেত্রে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোতে ২০২৫ সালে প্রায় সাড়ে সাত কোটি পর্যটকের সমাগম ঘটে। এটি এর আগের বছরের চেয়ে ৪ দশমিক ৩ শতাংশ বেশি।

এ খাত থেকে আয় ছাড়িয়েছে ১৮০ বিলিয়ন ডলার। দুবাইয়ে আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের এক আলোচনায় এসব পরিসংখ্যান তুলে ধরেন জিসিসির মহাসচিব জাসেম আল-বুদৈবি। তিনি জানান, ২০২০ সালে এই খাত থেকে আয়ের পরিমাণ ছিল ৮৭ বিলিয়ন ডলার। মাত্র কয়েক বছরের ব্যবধানে এই বিপুল প্রবৃদ্ধি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অর্থনীতিতে পর্যটনের শক্তিশালী অবস্থান স্পষ্ট করে তুলেছে।

মহাসচিব জানান, প্রত্যক্ষ ও পরোক্ষ অবদানের মাধ্যমে পর্যটন খাত আঞ্চলিক অর্থনীতিতে মোট ২৫৪ বিলিয়ন ডলার যুক্ত করেছে। এই অবদান অঞ্চলটির মোট অভ্যন্তরীণ উৎপাদনের প্রায় ১১ দশমিক ৪ শতাংশ। একই সঙ্গে আঞ্চলিক সীমানা পারাপার সহজ করার উদ্যোগের ফলে প্রাথমিক স্তরের ভ্রমণকারীর সংখ্যা ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে দুই কোটির মাইলফলক অতিক্রম করেছে।

জিসিসির পরিকল্পনা কেবল একক কোনো বিনোদন কেন্দ্র বা প্রকল্পে বিনিয়োগ আকর্ষণের মধ্যে সীমিত নয়। বিমান চলাচল, অবকাঠামো, আতিথেয়তা ও প্রযুক্তির সমন্বয়ে একটি সমন্বিত পর্যটন বলয় গড়ে তুলতে কাজ চলছে।