নভেম্বর ১৭, ২০২৫, ১০:৪১ এএম
সারাদেশে ধীরে ধীরে শীতের আমেজ বইতে শুরু করেছে। বিশেষ করে সন্ধ্যা ও ভোরের দিকে তাপমাত্রার পারদ কিছুটা নেমে আসায় অনেকেই শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে এই আবহাওয়ার মধ্যেই দেশের একটি নির্দিষ্ট অংশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
যদিও এই বৃষ্টির জন্য আরও দু-একদিন অপেক্ষা করতে হবে এবং এটি দেশব্যাপী হবে না। রবিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া নিয়মিত আবহাওয়া বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এই পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, বরং একটি নির্দিষ্ট অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত অর্থাৎ আগামী ৪৮ ঘণ্টা সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। ফলে বর্তমানে যে শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে তা আগামী দুদিনও অব্যাহত থাকবে। তবে আবহাওয়ার সামান্য পরিবর্তন আসতে পারে আগামী বুধবার নাগাদ।
অধিদপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার অর্থাৎ উনিশে নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এ সময় দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে।এই সামান্য বৃষ্টির প্রভাবে বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে মনে করছে আবহাওয়া অফিস।
এই বৃষ্টিপাতের পর অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় আবারও সারাদেশের আবহাওয়া শুষ্ক অবস্থায় ফিরে আসবে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, শীতের মৌসুমের আগে এ ধরনের হালকা বৃষ্টিপাত অনেক সময় জলবায়ুর স্বাভাবিক পরিবর্তনের অংশ হিসেবেই ঘটে থাকে। তবে চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্য কোথাও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং শীতের তীব্রতা বাড়তে আরও কিছুদিন সময় লাগবে বলে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন