রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাজধানীতে আজও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ০১:৩৮ পিএম

রাজধানীতে আজও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

বৃষ্টির কবলে ঢাকা

রাজধানীতে গত চব্বিশ ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবারও ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র। সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এই পূর্বাভাসে বলা হয়েছে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। 

এ সময় বৃষ্টির পাশাপাশি পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যায় সূর্যাস্ত হবে ছয়টা বেজে সাত মিনিটে এবং আগামীকাল ভোরে সূর্যোদয় হবে ছয়টা আট মিনিটে। 

রাজধানী ছাড়াও দেশের অন্যান্য প্রান্তের আবহাওয়া নিয়েও বিশেষ বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সারা দেশের সম্ভাব্য পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। 

একই সাথে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির এই পূর্বাভাসের মধ্যেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হঠাৎ বৃষ্টির ফলে রাজধানীর জনজীবনে সাময়িক প্রভাব পড়লেও আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখছে।