মার্চ ২০, ২০২৬, ০৪:৫০ পিএম
আবহাওয়া অধিদপ্তর রাজধানী ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে আজ রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। শুক্রবার দুপুরে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা এই ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যেসব জেলার ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে তার মধ্যে রয়েছে ঢাকা, যশোর, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, রাঙামাটি এবং চট্টগ্রাম।
বিপদ এড়াতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝড়ের তীব্রতা অনেক বেশি হতে পারে বিধায় নৌযান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত উপকূলীয় এবং নদীপ্রধান জেলাগুলোতে এই ঝড়ের প্রভাব বেশি অনুভূত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
নদীবন্দরের কর্মকর্তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে বিভাগটি।একইসঙ্গে ময়মনসিংহ, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অঞ্চলে বৃষ্টির পাশাপাশি বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে। বসন্তের এই সময়ে হঠাৎ করে আবহাওয়া প্রতিকূল হতে পারে। ঝড়ের তীব্রতা বাড়লে জানমালের নিরাপত্তার খাতিরে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নৌপথে যাতায়াতকারীদের আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলাচলের আহ্বান জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন