রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
সতর্কবার্তা

৫ বিভাগে কালবৈশাখী, সন্ধ্যার পর ১৬ জেলায় বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৬, ০৭:০৫ পিএম

৫ বিভাগে কালবৈশাখী, সন্ধ্যার পর ১৬ জেলায় বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

কালবৈশাখী ও বজ্রবৃষ্টির আভাস

দেশের পাঁচটি বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সন্ধ্যার পর থেকে রাত নয়টার মধ্যে অন্তত ১৬টি জেলায় বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিলেট ও ময়মনসিংহে ভারী বর্ষণের ফলে সাময়িক জলাবদ্ধতার বিষয়েও সতর্ক করা হয়েছে।আবহাওয়া পরিস্থিতির অবনতির মধ্যে আজ সারা দেশে বজ্রপাতে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এর মধ্যে গাইবান্ধায় তিনজন এবং ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, বগুড়া ও পঞ্চগড়ে একজন করে মারা গেছেন। দুর্যোগপূর্ণ এই সময়ে সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে আবহাওয়া অফিস।

সন্ধ্যার সতর্কবার্তায় জানানো হয়েছে, মৌলভীবাজার, সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের তীব্রতা কোথাও কোথাও আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

বর্তমানে দেশের কেন্দ্রীয় ও উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাত সংঘটিত হচ্ছে যা ক্রমান্বয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। ভারী ও অতি ভারী বৃষ্টির কারণে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান শহরগুলোতে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রেখে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদগণ।