মে ৩, ২০২৬, ০৫:২৬ পিএম
সারাদেশে টানা বৃষ্টির মধ্যে মে মাসে নতুন করে ঘূর্ণিঝড়, তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩ মে) সংস্থাটির মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপগুলোর মধ্যে অন্তত একটি নিম্নচাপ অথবা পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সাগরে দুর্যোগের পাশাপাশি স্থলভাগেও কালবৈশাখীর সক্রিয়তা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ মাসে দেশে বিক্ষিপ্তভাবে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে, যার সঙ্গে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
বজ্রপাতের প্রবণতা বাড়তে থাকায় জনগণকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।তাপমাত্রার ক্ষেত্রে অধিদপ্তর জানিয়েছে, মে মাসে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। তবে মাসের বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে এক থেকে তিন দফা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে অন্তত একটি তীব্র তাপপ্রবাহে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, দেশের প্রধান নদ-নদীগুলোর পানিপ্রবাহ বর্তমানে স্বাভাবিক থাকলেও আবহাওয়া অধিদপ্তর কিছু ঝুঁকির কথা জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিচ্ছিন্ন ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদীর পানি সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়ার পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিয়মিত তথ্য পর্যবেক্ষণ ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন