জুন ৪, ২০২৬, ১১:১০ এএম
ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এতে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।বৃষ্টির পূর্বাভাসের কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা আছে।
তবে দেশের একটি বড় অংশের ওপর দিয়ে এখনো তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে এই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন