জুন ১৫, ২০২৬, ০৮:৪৪ পিএম
সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক সংস্থার তথ্য বিশ্লেষণ করে সোমবার এই সতর্কবার্তা প্রদান করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের নদীসমূহের পানি সমতল বাড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আগামী তিন দিন পর্যন্ত এই নদ-নদীর পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে।পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি বিভিন্ন পয়েন্টে সতর্কসীমায় পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী পাঁচ দিনে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী এবং পরবর্তী সময়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে নদীসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
এদিকে, দেশের ছয়টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা সাময়িকভাবে চলমান থাকলেও বৃষ্টির প্রবণতা বাড়লে তা কেটে যাবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু বর্তমানে মোটামুটি সক্রিয় থাকায় সারাদেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। জুনের ২০ তারিখের পর বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন