জুলাই ১০, ২০২৬, ১০:৩২ এএম
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।ঝড়ো হাওয়ার কবলে ১৪টি অঞ্চল।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন