বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

লঘুচাপের প্রভাবে ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: সতর্কতা জারি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ০৮:৩১ পিএম

লঘুচাপের প্রভাবে ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: সতর্কতা জারি

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে আষাঢ়ের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার রাত ১টার মধ্যে দেশের ১৭টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের এই ধারা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।রাত ১টার মধ্যে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে মৌসুমি বায়ুর বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় বৃষ্টিপাত আরও বাড়তে পারে। শনি, রবি ও সোমবার দেশের আটটি বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আমবাগান ও টেকনাফসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামে সর্বোচ্চ ২১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া টেকনাফে ২০৯, সাতক্ষীরায় ১৭৯, গোপালগঞ্জে ১৬৩ ও সিরাজগঞ্জের তাড়াশে ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার ও বুধবারও বৃষ্টিপাতের এই দাপট অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। টানা বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।