রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

উজানে ভারী বর্ষণ নদ-নদীর পানি বৃদ্ধির সতর্কতা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ০৮:২২ পিএম

উজানে ভারী বর্ষণ নদ-নদীর পানি বৃদ্ধির সতর্কতা

Ai - ছবি

উজানে ভারতের ভূখণ্ডে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এই অতিভারী বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলের পানি ভাটিতে বাংলাদেশের উত্তরাঞ্চলের নদ-নদীতে নেমে আসতে পারে। এতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বিশেষজ্ঞরা জানিয়েছেন, পানি বৃদ্ধির ফলে কিছু কিছু স্থানে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

আগামী ৩-৪ দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঝুঁকিপূর্ণ নদীগুলোর মধ্যে রয়েছে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার নদ-নদী। এই সব জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে পানি সাময়িকভাবে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

বর্তমানে যেসব স্থানে পানি বিপৎসীমার কাছাকাছি বা উপরে রয়েছে, সেসব স্থানে পানি আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে অথবা স্থিতিশীল অবস্থায় থাকতে পারে।এই পরিস্থিতিতে বন্যাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্যা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ এবং পরিস্থিতির দিকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়েছে।