আগস্ট ৩০, ২০২৬, ০৪:২১ পিএম
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভ্যাপসা গরমের দাপট সহজে কমছে না। মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
বৃষ্টির প্রবণতা বাড়লেও বাতাসে আর্দ্রতার কারণে প্রকৃত তাপমাত্রার চেয়ে পাঁচ থেকে দশ ডিগ্রি বেশি গরম অনুভূত হচ্ছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।মাঝেমধ্যে বৃষ্টি হলেও তা গরম কমাতে পারছে না, বরং বৃষ্টির পর রোদের প্রখরতায় অস্বস্তিকর ভাব আরও বেড়ে যাচ্ছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপের প্রভাবে প্রথমে উপকূলীয় অঞ্চলে এবং পরবর্তীতে ধাপে ধাপে সারা দেশেই বৃষ্টিপাত বাড়তে পারে। তবে বৃষ্টি কমে গেলেই ভ্যাপসা গরমের এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন