অক্টোবর ২, ২০২৫, ০২:০৫ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় 'শক্তিতে' পরিণত হয়েছে। নিম্নচাপের অবস্থান বাংলাদেশ থেকে দূরে থাকলেও এর প্রভাব এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পড়তে শুরু করেছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এই তথ্য নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পূর্বাভাসে মোস্তফা কামাল পলাশ এসব তথ্য জানান।
মোস্তফা কামাল পলাশ বলেন, বৃহস্পতিবার সকাল ৯টার সময় প্রচারিত বার্তায় জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (JTWC) জানিয়েছে যে ঘূর্ণিঝড় 'শক্তির' কেন্দ্রটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের পূর্ব দিকে এবং কোলকাতা শহর থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
গবেষক মোস্তফা কামাল পলাশের মতে, ঘূর্ণিঝড় 'শক্তি' আজ রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী স্থানের উপকূলের ওপর দিয়ে স্থল ভাগে প্রবেশ করার আশঙ্কা করা যাচ্ছে। যদিও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এখনো এটিকে গভীর নিম্নচাপ হিসেবে গণ্য করছে।গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঘূর্ণিঝড় 'শক্তি' বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম না করলেও এর প্রভাবে বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ
আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের ওপরে আগামী ৫ অক্টোবর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।এদিকে, সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন