অক্টোবর ৮, ২০২৫, ০৫:০৩ পিএম
মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা দেশ থেকে বিদায় নিতে শুরু করবে।বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
পরবর্তী দিনগুলোতে অর্থাৎ বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির এই ধারা অব্যাহত থাকলেও এর তীব্রতা ও পরিমাণ ক্রমান্বয়ে কমতে থাকবে। রোববার নাগাদ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গা ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই পাঁচ দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বাংলাদেশের ওপর কম সক্রিয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন