অক্টোবর ১২, ২০২৫, ১০:৩৭ পিএম
বর্ষার আনুষ্ঠানিক বিদায় এবং শীতের আগমনী বার্তা নিয়ে আগামী তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরের প্রথমার্ধেই দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নিতে পারে এবং ডিসেম্বর মাসে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্ষা বিদায় নিলেও অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বঙ্গোপসাগরে তিন থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়েও রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, অক্টোবর মাস থেকেই দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ইতোমধ্যে এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যেখানে সকালে ঘন কুয়াশা ও শীতের আমেজ অনুভূত হচ্ছে।
শীতের পূর্বাভাস সম্পর্কে বলা হয়েছে, নভেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা আরও কমবে। চূড়ান্তভাবে, ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার ফলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন