রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ১২:২০ পিএম

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

ছবি - সংগৃহীত

দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বিদায় নিতে শুরু করেছে, যার ফলে আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা প্রায় থাকবে না বললেই চলে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বর্ষা ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগ থেকে বিদায় নিয়েছে এবং আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের বাকি অংশ থেকেও পুরোপুরি বিদায় নিতে পারে। এর ফলে হেমন্তের শুষ্ক ও মনোরম আবহাওয়া অনুভূত হতে শুরু করবে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার দেশের অধিকাংশ এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।আগামী ১৪ ও ১৫ অক্টোবরও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি ছাড়া সারাদেশেই আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এরপর ১৬ ও ১৭ অক্টোবরের দিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, বরং বৃষ্টিপাতের প্রবণতা আরও কমতে পারে।